প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 13, 2026 ইং
চার ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘবে জলুরমুখ–খেওয়াঘাটে সেতু নির্মাণের দাবী

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে থাকা হাওর অঞ্চলের চারটি ইউনিয়নের লাখো মানুষের প্রাণের দাবি হয়ে উঠেছে জলুরমুখ–খেওয়াঘাট সেতু নির্মাণ। একটি সেতুর অভাবে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকা ও খেয়াঘাটের ওপর নির্ভর করে চলাচল করতে হচ্ছে এ অঞ্চলের মানুষকে।
বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী ও রোগীসহ সর্বস্তরের মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হয়। জরুরি প্রয়োজনে দ্রুত যাতায়াতের সুযোগ না থাকায় রোগী পরিবহন থেকে শুরু করে শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য—সব ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয়দের মতে, জলুরমুখ–খেওয়াঘাটে একটি সেতু নির্মাণ হলে শুধু দুই প্রান্তের যোগাযোগই সহজ হবে না; বরং চারটি ইউনিয়নের মানুষের শিক্ষা, চিকিৎসা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে। একই সঙ্গে হাওর অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর পথ আরও সুগম হবে।
দীর্ঘদিনের এই যোগাযোগ সংকটের স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
এ অবস্থায় হাওর অঞ্চলের অবহেলিত ও বঞ্চিত মানুষের পক্ষ থেকে শ্রম ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীর সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
তাদের দাবি, জলুরমুখ–খেওয়াঘাটে সেতু নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সম্ভাব্যতা যাচাই, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেওয়া হোক।
স্থানীয়দের প্রত্যাশা—একটি সেতু বদলে দিতে পারে একটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি ও মানুষের জীবনযাত্রা।
হাওরবাসীর একটাই দাবি—জলুরমুখ–খেওয়াঘাটে সেতু চাই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬